
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১০ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি বর্তমানে উন্মুক্ত রয়েছে, তবে হোয়াইট হাউস এটিকে দখলে নেওয়ার সম্ভাবনা বিবেচনা করছে।
এর আগে রোববার (৮ মার্চ) ইরানের প্রতিরক্ষা বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ঘোষণা দেয়, আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র, ইসরাইল, ইউরোপীয় দেশ এবং তাদের মিত্র দেশগুলোর জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, যেসব দেশ যুক্তরাষ্ট্র বা ইসরাইলের মিত্র নয়, তাদের জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না।
বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিটি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।