রাজধানীর পল্টন ও শাহজাহানপুর থানায় দায়ের করা দ্রুত বিচার আইনের পৃথক দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ মোট ৪৫ জনকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত অভিযোগ গঠনের শুনানি শেষে এই আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী জানান, দ্রুত বিচার আইনের আওতায় পল্টন ও শাহজাহানপুর থানার পৃথক দুই মামলায় এদিন অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য ছিল। শুনানিকালে আসামিদের পক্ষে অব্যাহতির আবেদন করা হলে আদালত আবেদন মঞ্জুর করে তাদের মামলা থেকে অব্যাহতি দেন।
অব্যাহতিপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকা-১২ আসনের বিএনপি প্রার্থী সাইফুল আলম নিরব, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, ঢাকা-১৮ আসনের বিএনপি প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি হাবিবুর রশিদ হাবিব।
মামলার সূত্রে জানা যায়, পুলিশের কাজে বাধা প্রদান ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ২০১৩ সালের মার্চ মাসে উপপরিদর্শক মেহেদী মাকসুদ বাদী হয়ে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করেন। একই বছরের ২৬ মার্চ পল্টন থানার উপপরিদর্শক মো. আমিনুল ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
এছাড়া একই অভিযোগে ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি শাহজাহানপুর থানায় উপপরিদর্শক মো. আশরাফ আলী মামলা দায়ের করেন। পরবর্তীতে ওই বছরের ২০ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. রুহুল আমিন মুন্সি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
তবে এ দুই মামলায় এর আগে উচ্চ আদালত থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদ অব্যাহতি পেয়েছেন।
মন্তব্য করুন