ঢাকার বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা বা অগ্নিসংযোগের কোনো প্রমাণ মিললে সরকার তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
শনিবার (১৮ অক্টোবর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “আমরা দেশের বিভিন্ন জায়গায় সংঘটিত বড় অগ্নিকাণ্ড নিয়ে জনগণের উদ্বেগ বুঝতে পারছি। নিরাপত্তা বাহিনী প্রতিটি ঘটনায় তদন্ত চালাচ্ছে এবং মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।”
সরকার আরও জানায়, “যদি কোনো ধ্বংসাত্মক কার্যক্রম বা অগ্নিসংযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়, তাৎক্ষণিক ও দৃঢ় ব্যবস্থা নেওয়া হবে। জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উসকানিমূলক আচরণের দ্বারা ব্যাহত হতে দেওয়া হবে না।”
অন্তর্বর্তী সরকার আরও বলেন, “যদি এসব অগ্নিকাণ্ড কোনো ষড়যন্ত্রের অংশ হয় এবং জনগণের মধ্যে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করতে চায়, তাহলে সাফল্য পাবে শুধুমাত্র তখনই যখন আমরা ভয়ে আমাদের যুক্তি ও সংকল্প হারাব। বাংলাদেশ অতীতে বহু চ্যালেঞ্জ মোকাবিলা করেছে, এবং আমরা ঐক্য, দৃঢ় মনোভাব ও নতুন গণতন্ত্র রক্ষায় সব হুমকির বিরুদ্ধে দৃঢ় থাকব।”
মন্তব্য করুন