নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ থানাধীন ২ নম্বর বিনোদনগর ইউনিয়নের ৩ নম্বর রাঘবেন্দ্রপুর ওয়ার্ডের গ্রাম পুলিশ হারাধন বাবুর বিরুদ্ধে টিসিবি কার্ড করে দেওয়ার কথা বলে অর্থ নেওয়া, মাদকসংক্রান্ত অভিযোগ এবং স্থানীয়দের সঙ্গে বিরোধের ঘটনায় মানববন্ধন করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, এলাকার এক ব্যক্তির কাছ থেকে টিসিবি কার্ড করে দেওয়ার কথা বলে প্রায় তিন বছর আগে ১ হাজার টাকা নেন গ্রাম পুলিশ হারাধন বাবু। দীর্ঘ সময় পার হলেও কার্ড করে না দিয়ে বিভিন্ন অজুহাতে তাকে ঘুরিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ৯ আগস্ট সন্ধ্যায় বাজারে ওই ব্যক্তি হারাধন বাবুর কাছে গিয়ে কার্ডের আর প্রয়োজন নেই জানিয়ে টাকা ফেরত চান। এ সময় হারাধন বিষয়টি এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করলে ওই ব্যক্তি তার মোটরসাইকেলের সামনে দাঁড়ান। তখন হারাধন তাকে বুকে সজোরে ঘুষি মারেন। পরে বাজারে উপস্থিত লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয়দের আরও দাবি, ওই ঘটনার একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হলে হারাধনের সঙ্গে থাকা মোবাইল ফোনসহ কিছু জিনিসপত্র মাটিতে পড়ে যায়। পরে সেগুলো কুড়িয়ে নেওয়ার সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা পাওয়া যায় ও সে মাদক ব্যবসায় জড়িত বলে অভিযোগ করেন তারা।
এদিকে স্থানীয়দের অভিযোগ, এসব ঘটনার পর হারাধন বাবু ভুক্তভোগী পরিবারসহ পূর্বের বিরোধের জের ধরে মোট ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এলাকাবাসীর দাবি, মামলাটি হয়রানিমূলক ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে করা হয়েছে। তারা মামলাটি প্রত্যাহারের দাবি জানান এবং একই সঙ্গে হারাধন বাবুর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করেন।
এ দাবিতে রাঘবেন্দ্রপুর এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে স্থানীয়রা বলেন, কোনো পক্ষের প্রতি পক্ষপাত না করে টিসিবি কার্ডের নামে অর্থ নেওয়া, হামলার অভিযোগ, মাদকসংক্রান্ত অভিযোগ এবং পরবর্তী সময়ে দায়ের করা মামলার বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন।
মানববন্ধনে উপস্থিত হয়ে এলাকাবাসীর বক্তব্য ও অভিযোগ শোনেন নবাবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ জামিউল ইসলাম। তিনি স্থানীয়দের অভিযোগ শুনে বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন।
এলাকাবাসী বলেন, তারা কোনো নির্দোষ ব্যক্তির হয়রানি চান না। একই সঙ্গে প্রকৃত অপরাধী যে পক্ষেরই হোক, তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং হয়রানিমূলক মামলা হলে তা প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার দাবি জানান।
Reporter Name 


