বরিশালের চরমোনাই মাহফিলে অংশ নিতে আসা একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।
বুধবার (১ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮টার পর বরিশাল-ঢাকা নৌরুটের বিলাসবহুল কীর্তনখোলা-১০ লঞ্চের ৩২৫ নম্বর কেবিনে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।
জানা গেছে, চরমোনাই মাহফিলে অংশগ্রহণের জন্য লঞ্চটি ঢাকা থেকে রিজার্ভ করে আনা হয়েছিল এবং মাহফিল সংলগ্ন কীর্তনখোলা নদীর তীরে নোঙর করা ছিল।
চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ জানান, আগুন লাগার সময় কেবিনে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কেবিনের ভেতরের আসবাবপত্র পুড়ে যায়।
লঞ্চের স্টাফরা দ্রুত আগুনের বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনেন, ফলে আগুন অন্যত্র ছড়িয়ে পড়তে পারেনি।
এদিকে মাহফিল এলাকায় আরও অনেক লঞ্চ নোঙর করা রয়েছে, যেখানে হাজার হাজার যাত্রী অবস্থান করছেন। আয়োজকরা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
Reporter Name 

