সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে ঠাকুরগাঁও জেলায় সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ইউআই আলিম মাদরাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের আগে জনগণকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সরকার গঠন করতে পারলে ফ্যামিলি কার্ড চালু করা হবে। সেই প্রতিশ্রুতি পূরণ করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে এবং ধীরে ধীরে দেশের প্রতিটি ঘরে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।
মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড একটি শক্তি ও ক্ষমতার প্রতীক। এই কার্ডের মাধ্যমে বিশেষ করে নারীরা বিভিন্ন জায়গায় নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন। তিনি এ কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার গঠনের মাত্র ২২ দিনের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা হয়েছে। পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। আগামী ১৬ মার্চ খাল খনন কর্মসূচিও শুরু হবে, যাতে বর্ষার পানি সংরক্ষণ করে খরার সময় কৃষিকাজে ব্যবহার করা যায়।
তিনি আরও বলেন, প্রত্যেক কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, সেচ ও বীজ সংগ্রহ করতে পারবেন।
বিএনপি মহাসচিব দাবি করেন, গত ১৫ বছরে দেশের মানুষের অধিকার খর্ব করা হয়েছিল এবং বিভিন্ন সুবিধা পেতে ঘুষ দিতে হতো। তবে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড দিতে কোনো অর্থ নিচ্ছে না এবং পর্যায়ক্রমে সবাই এই সুবিধা পাবেন।
তিনি আরও বলেন, আগামী দিনে ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। ২০২৭ সালে মেডিক্যাল কলেজে ভর্তি কার্যক্রম শুরু করা, বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর নির্মাণসহ তরুণদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ে তোলার জন্যও কাজ করা হবে।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম এনডিসি, জেলা প্রশাসক ইশরাত ফারজানাসহ প্রশাসনের কর্মকর্তা, বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি 











