সৌদি সরকারের পাঠানো খেজুর খুলনায় পৌঁছানোর পর তা বিভিন্ন উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় ভাগ করে দিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যে খুলনা সিটি করপোরেশনের জন্য বরাদ্দ খেজুর মহানগরীর এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংগুলোতে বিতরণ করা হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি আরবের আন্তর্জাতিক ত্রাণ সংস্থা King Salman Humanitarian Aid and Relief Center থেকে পাঠানো খেজুর মঙ্গলবার বিকেলে খুলনায় পৌঁছায়।বুধবার সকালে এসব খেজুর উপজেলা প্রশাসন ও সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়।
খুলনা জেলার জন্য মোট ১৮২ কার্টন খেজুর বরাদ্দ থাকলেও জেলা প্রশাসন এখন পর্যন্ত ১৭৮ কার্টন খেজুর বুঝে পেয়েছে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবদুল করিম।
তিনি জানান, সিটি করপোরেশনসহ বিভিন্ন উপজেলায় খেজুরগুলো বিতরণ করা হয়েছে। এর মধ্যে খুলনা সিটি করপোরেশনে ৩২ কার্টন, দাকোপে ১৯, বটিয়াঘাটায় ১৫, ডুমুরিয়ায় ২৯, পাইকগাছায় ২১, কয়রায় ১৫, ফুলতলায় ৯, দিঘলিয়ায় ১৩, তেরখাদায় ১৩ এবং রূপসায় ১২ কার্টন দেওয়া হয়েছে। কয়রা ও পাইকগাছা ছাড়া অন্য উপজেলার কর্মকর্তারা ইতোমধ্যে খেজুর বুঝে নিয়েছেন।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, মহানগরীর সব এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের মধ্যে সমানভাবে খেজুর বিতরণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সৌদি সরকারের এই ত্রাণ সংস্থাটি প্রতি বছর রমজান উপলক্ষে বাংলাদেশে খেজুর উপহার পাঠায়।
চলতি বছর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দেশে প্রায় ১২ হাজার ৫০০ কার্টন খেজুর আসে এবং গত ১ মার্চ সেগুলো দেশের ৬৪ জেলায় বরাদ্দ দেওয়া হয়।
সম্প্রতি বিভিন্ন এলাকায় খেজুর বরাদ্দ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে বিভিন্ন জেলার মানুষ তাদের এলাকার বরাদ্দ সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করছেন।
নিজস্ব প্রতিনিধি 











