দিনাজপুরের বিরামপুর শহরে ভাড়াটিয়া এক নারীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা হুমায়ুন কবীরকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা বিরামপুর থানার উপ-পরিদর্শক দুলু মিয়া জানান, বিরামপুর শহরের প্রফেসরপাড়া মহল্লার মৃত ফজলুর রহমানের ছেলে হুমায়ুন কবীর (৪৩) তার বাড়ির ভাড়াটিয়া প্রায় ৪০ বছর বয়সী এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে চলতি বছরের ৭ জানুয়ারি বিরামপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে প্রায় পৌনে দুই মাস আত্মগোপনে ছিলেন অভিযুক্ত হুমায়ুন কবীর।
পরে র্যাব-৫ এর সহায়তায় সোমবার রাজশাহী থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার জানান, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার (৩ মার্চ) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন