ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দর ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে চলতি মাসের ২ ফেব্রুয়ারি এলপিজির দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এদিকে একই বিজ্ঞপ্তিতে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। ভোক্তা পর্যায়ে মূসকসহ অটোগ্যাসের দাম প্রতি লিটার ২৮ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববাজারের মূল্য পরিবর্তন ও আমদানি খরচের ওপর ভিত্তি করেই প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে থাকে বিইআরসি।