ইংলিশ প্রিমিয়ার লিগে হোঁচট খেল ম্যানচেস্টার সিটি। আর সেই সুযোগে কষ্টার্জিত জয় তুলে নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো আর্সেনাল। লিগ টেবিলে সিটির চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেছে মিকেল আর্তেতার দল।
ব্রাইটনের মাঠে খুব একটা ছন্দে ছিল না আর্সেনাল। ম্যাচের শুরুতেই গোলরক্ষক দাভিদ রায়ার ভুলে গোল হজম করতে বসেছিল গানাররা। তবে শেষ পর্যন্ত বিপদ সামাল দেন ডিফেন্ডার গাব্রিয়েল।
ম্যাচের সপ্তম মিনিটেই প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় আর্সেনাল। বুকায়ো সাকার শট গ্লাভসে না নিয়ে পা দিয়ে ঠেকাতে গিয়ে বল জালে জড়িয়ে ফেলেন ব্রাইটন গোলরক্ষক বার্ট ভেরব্রুগেন।
এরপর পুরো ম্যাচজুড়ে গোল শোধের জন্য চাপ বাড়ায় ব্রাইটন। তবে আর্সেনালের রক্ষণভাগ দৃঢ় থাকায় আর গোল পায়নি তারা। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। এই জয়ে লিগে টানা তৃতীয় জয় তুলে নেয় আর্তেতার দল।
অন্যদিকে ইতিহাদ স্টেডিয়ামে আধিপত্য বজায় রেখেও জয় পায়নি ম্যানচেস্টার সিটি। ম্যাচের শুরুতে সেমেনিওর গোলে এগিয়ে যায় সিটি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় নটিংহ্যাম ফরেস্ট।
৫৬ মিনিটে মর্গ্যান গিবস-হোয়াইটের দুর্দান্ত ব্যাকহিলে সমতায় ফেরে ফরেস্ট। এরপর রদ্রির হেডে আবারও লিড নেয় সিটি। কিন্তু ৭৬ মিনিটে অ্যান্ডারসনের গোলে সমতায় ফেরে নটিংহ্যাম ফরেস্ট।
শেষ মুহূর্তে সাভিনিয়োর শট গোললাইন থেকে প্রতিহত হলে আর জয়ের দেখা পায়নি পেপ গার্দিওলার দল। ২-২ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সিটিকে।
এই ড্রয়ের ফলে ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। তাদের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি, যদিও গানারদের তুলনায় এক ম্যাচ কম খেলেছে সিটিজেনরা।
মন্তব্য করুন